চৈতালি – রবীন্দ্রনাথ ঠাকুর

স্বপ্ন

               কাল রাতে দেখিনু স্বপন — 
দেবতা - আশিস - সম                 শিয়রে সে বসি মম 
               মুখে রাখি করুণনয়ন 
কোমল অঙ্গুলি শিরে                বুলাইছে ধীরে ধীরে 
               সুধামাখা প্রিয় - পরশন — 
                কাল রাতে হেরিনু স্বপন । 
হেরি সেই মুখপানে                 বেদনা ভরিল প্রাণে 
                 দুই চক্ষু জলে ছলছলি — 
বুকভরা অভিমান                   আলোড়িয়া মর্মস্থান 
                কণ্ঠে যেন উঠিল উছলি । 
সে শুধু আকুল চোখে            নীরবে গভীর শোকে 
              শুধাইল , “ কী হয়েছে তোর ?” 
কী বলিতে গিয়ে প্রাণ              ফেটে হল শতখান , 
               তখনি ভাঙিল ঘুমঘোর । 
অন্ধকার নিশীথিনী                  ঘুমাইছে একাকিনী , 
               অরণ্যে উঠিছে ঝিল্লিস্বর , 
বাতায়নে ধ্রুবতারা                  চেয়ে আছে নিদ্রাহারা — 
                  নতনেত্রে গণিছে প্রহর । 
দীপ - নির্বাপিত ঘরে                শুয়ে শূন্য শয্যা - পরে 
                ভাবিতে লাগিনু কতক্ষণ — 
শিথানে মাথাটি থুয়ে                সেও একা শুয়ে শুয়ে 
                কী জানি কী হেরিছে স্বপন 
                দ্বিপ্রহরা যামিনী যখন ।

Pages ( 75 of 78 ): « Previous1 ... 7374 75 767778Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo