গীতালি – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি হৃদয়েতে পথ কেটেছি

আমি          হৃদয়েতে পথ কেটেছি,
সেথায় চরণ পড়ে,
তোমার            সেথায় চরণ পড়ে।
তাই তো আমার সকল পরান
কাঁপছে ব্যথার ভরে গো
কাঁপছে থরথরে।
ব্যথা-পথের পথিক তুমি,
চরণ চলে ব্যথা চুমি,
কাঁদন দিয়ে সাধন আমার
চিরদিনের তরে গো
চিরজীবন ধ’রে।
নয়নজলের বন্যা দেখে
ভয় করি নে আর,
আমি           ভয় করি নে আর।
মরণ-টানে টেনে আমায়
করিয়ে দেবে পার,
আমি           তরব পারাবার!
ঝড়ের হাওয়া আকুল গানে
বইছে আজি তোমার পানে,
ডুবিয়ে তরী ঝাঁপিয়ে পড়ি
ঠেকব চরণ-‘পরে,
আমি           বাঁচব চরণ ধ’রে।

কলিকাতা, ৬ ভাদ্র, ১৩২১

Pages ( 18 of 119 ): « Previous1 ... 1617 18 1920 ... 119Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo