গীতালি – রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয় আমার প্রকাশ হল

হৃদয় আমার প্রকাশ হল
অনন্ত আকাশে।
বেদন-বাঁশি উঠল বেজে
বাতাসে বাতাসে।
এই যে আলোর আকুলতা
আমারি এ আপন কথা,
উদাস হয়ে প্রাণে আমার
আবার ফিরে আসে।
বাইরে তুমি নানা বেশে
ফের নানান ছলে;
জানি নে তো আমার মালা
দিয়েছি কার গলে।
আজ কী দেখি পরানমাঝে
তোমার গলায় সব মালা যে,
সব নিয়ে শেষ ধরা দিলে
গভীর সর্বনাশে।
সেই কথা আজ প্রকাশ হল
অনন্ত আকাশে।

সুরুল, ১৩ ভাদ্র, ১৩২১

Pages ( 119 of 119 ): « Previous1 ... 117118 119

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo