ক্ষণিকা
রবীন্দ্রনাথ ঠাকুর
স্বল্পশেষ
অধিক কিছু নেই গো কিছু নেই ,
কিছু নেই—
যা আছে তা এই গো শুধু এই ,
শুধু এই ।
যা ছিল তা শেষ করেছি
একটি বসন্তেই ।
আজ যা কিছু বাকি আছে
সামান্য এই দান—
তাই নিয়ে কি রচি দিব
একটি ছোটো গান ?
একটি ছোটো মালা তোমার
হাতের হবে বালা ।
একটি ছোটো ফুল তোমার
কানের হবে দুল ।
একটি তরুলতায় ব'সে
একটি ছোটো খেলায়
হারিয়ে দিয়ে যাবে মোরে
একটি সন্ধেবেলায় ।
অধিক কিছু নেই গো কিছু নেই ,
কিছু নেই ।
যা আছে তা এই গো শুধু এই ,
শুধু এই ।
ঘাটে আমি একলা বসে রই ,
ওগো আয় !
বর্ষানদী পার হবি কি ওই—
হায় গো হায় !
অকূল - মাঝে ভাসবি কে গো
ভেলার ভরসায় ।
আমার তরীখান
সইবে না তুফান ;
তবু যদি লীলাভরে
চরণ কর দান ,
শান্ত তীরে তীরে তোমায়
বাইব ধীরে ধীরে ।
একটি কুমুদ তুলে তোমার
পরিয়ে দেব চুলে ।
ভেসে ভেসে শুনবে বসে
কত কোকিল ডাকে
কূলে কূলে কুঞ্জবনে
নীপের শাখে শাখে ।
ক্ষুদ্র আমার তরীখানি—
সত্য করি কই ,
হায় গো পথিক , হায় ,
তোমায় নিয়ে একলা নায়ে
পার হব না ওই
আকুল যমুনায় ।
Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62