ক্ষণিকা – রবীন্দ্রনাথ ঠাকুর

স্থায়ী-অস্থায়ী

তুলেছিলেম কুসুম তোমার 
            হে সংসার , হে লতা ! 
পরতে মালা বিঁধল কাঁটা 
            বাজল বুকে ব্যথা , 
            হে সংসার , হে লতা ! 
বেলা যখন পড়ে এল , 
            আঁধার এল ছেয়ে , 
দেখি তখন চেয়ে— 
তোমার গোলাপ গেছে , আছে           
            আমার বুকের ব্যথা , 
                 হে সংসার , হে লতা ! 
  
আরো তোমার অনেক কুসুম 
            ফুটবে যথা - তথা— 
অনেক গন্ধ , অনেক মধু , 
            অনেক কোমলতা , 
            হে সংসার , হে লতা ! 
সে ফুল তোলার সময় তো আর 
            নাহি আমার হাতে । 
            আজকে আঁধার রাতে 
আমার গোলাপ গেছে , কেবল 
            আছে বুকের ব্যথা , 
                 হে সংসার , হে লতা !

Pages ( 61 of 62 ): « Previous1 ... 5960 61 62Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo