অনূদিত কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

বিদেশী ফুলের গুচ্ছ – ৬ (হাসির সময় বড়ো নেই)

হাসির সময় বড়ো নেই,
দু দণ্ডের তরে গান গাওয়া।
নিমেষের মাঝে চুমো খেয়ে
মুহূর্তে ফুরাবে চুমো খাওয়া।
বেলা নাই শেষ করিবারে
অসম্পূর্ণ প্রেমের মন্ত্রণা–
সুখস্বপ্ন পলকে ফুরায়,
তার পরে জাগ্রত যন্ত্রণা।
কিছু ক্ষণ কথা কয়ে লও,
তাড়াতাড়ি দেখে লও মুখ,
দু দণ্ডের খোঁজ দেখাশুনা–
ফুরাইবে খুঁজিবার সুখ।
বেলা নাই কথা কহিবারে
যে কথা কহিতে ফাটে প্রাণ।
দেবতারে দুটো কথা ব’লে
পূজার সময় অবসান।
কাঁদিতে রয়েছে দীর্ঘ দিন–
জীবন করিতে মরুময়,
ভাবিতে রয়েছে চিরকাল–
ঘুমাইতে অনন্ত সময়।

P. B. Marston

শ্রাবণ, ১২৯১

Pages ( 6 of 19 ): « Previous1 ... 45 6 78 ... 19Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo